বিমানবন্দর এলাকায় অভিযানে ৮২ ভবঘুরে-মাদকাসক্ত আটক

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ০২:২৬

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের উৎপাত বন্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে ৮২ জনকে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ। 

শনিবার (৪ জুলাই) ভোরে এ অভিযান চালানো হয়। পরে রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এ তথ্য জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমানবন্দর গোলচত্বর, বিআরটিএ স্টেশন, বিমানবন্দর রেলওয়ে স্টেশন এলাকা, পুলিশ বক্সের আশপাশ, বিমানবন্দরের প্রবেশপথ, ভিভিআইপি ও ভিআইপি রোডসহ আশপাশের এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৫৮ জন মাদকাসক্ত পথশিশু এবং অন্যান্য অপরাধে জড়িত ২৪ জনসহ মোট ৮২ জন আটক হয়েছে।           

এতে আরও বলা হয়, কোনো অবস্থাতেই ভবঘুরে, ভিক্ষুক ও মাদকাসক্তদের এসব এলাকায় অবস্থান করতে না দিতে বর্তমানে পুলিশের টহল কার্যক্রম চলমান রয়েছে। আটককৃত শিশুদের সুরক্ষায় শিশুবিষয়ক পুলিশ কর্মকর্তার মাধ্যমে শিশু আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

 
ইত্তেফাক/এমএস