খুলনায় ভ্যানচালককে গলাকেটে হত্যা

আপডেট : ০৫ জুলাই ২০২৬, ১০:২৯

খুলনায় দুর্বৃত্তদের হামলায় সমীর ভট্ট (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের মোল্লাডাঙ্গা গ্রাম থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে কিছু দূরে নিহতের ব্যবহৃত ভ্যানটিও উদ্ধার করা হয়েছে।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত সমীর ভট্ট দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের কোদলা গ্রামের রবীন ভট্টের ছেলে।

ওসি শাহ আলম জানান, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে মোল্লাডাঙ্গা গ্রামের ইটলু মোল্লার বাড়ির পাশ থেকে সমীর ভট্টের মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে কিছু দূরে তার ব্যবহৃত ভ্যানটি পাওয়া গেছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সমীরকে হত্যার পর দুর্বৃত্তরা তার ভ্যানটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তবে হত্যার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে বলে জানান ওসি।

ইত্তেফাক/এএইচপি