বরিশালের বাবুগঞ্জ উপজেলায় তীব্র বিদ্যুৎ লোডশেডিংয়ে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
বিশেষ করে ব্যবসা-বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠান এবং আসন্ন এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের পড়াশোনায় নেতিবাচক প্রভাব পড়ছে।
স্থানীয়রা জানান, প্রচণ্ড গরমের মধ্যে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে দৈনন্দিন জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। বিদ্যুৎ না থাকায় ব্যবসা প্রতিষ্ঠানে কাজের গতি কমে গেছে, পাশাপাশি শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা পড়েছেন বেশি দুর্ভোগে।
এদিকে লোডশেডিং পরিস্থিতির কারণে সামর্থ্যবান অনেকেই কিছুটা স্বস্তির আশায় চার্জার ফ্যান কিনছেন। অন্যদিকে নিম্ন আয়ের মানুষ ও পরীক্ষার্থীরা বিকল্প ব্যবস্থা হিসেবে হেরিকেন ও জরুরি আলোর দিকে ঝুঁকছেন।
বাবুগঞ্জের কয়েকজন এইচএসসি ও আলিম পরীক্ষার্থী জানান, সামনে পরীক্ষা থাকলেও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় রাতে পড়াশোনায় সমস্যা হচ্ছে। এতে তাদের প্রস্তুতি ব্যাহত হচ্ছে বলে তারা অভিযোগ করেন।
এ বিষয়ে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী বিপুল কৃষ্ণ মণ্ডল বলেন, আমাদের সমিতিতে প্রায় ৬০ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও বর্তমানে পাওয়া যাচ্ছে মাত্র ৪০ থেকে ৪২ মেগাওয়াট। সরবরাহ ঘাটতির কারণেই গ্রাহকদের লোডশেডিংয়ের মুখোমুখি হতে হচ্ছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে আশা করছি।

