ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় শ্রদ্ধা জানাতে রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় লাখো শোকাহত মানুষের ঢল নেমেছে। শোকসভায় অনেকের হাতেই দেখা গেছে ‘আমরা প্রতিশোধ নেবোই’ (We will avenge) লেখা পতাকা।
শেষ বিদায়ের এই অনুষ্ঠানে শোকের পাশাপাশি তীব্র ক্ষোভ ও রাগও ফুটে উঠেছে। উপস্থিত জনতা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী স্লোগান দিয়েছেন এবং খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার দাবিতে সোচ্চার হয়েছেন।
রোববার (৫ জুলাই) পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, জানাজার পুরো পরিবেশ ছিল গভীর শোক ও উত্তেজনার মিশ্রণে ভরপুর। শোকাহত মানুষ বারবার প্রতিশোধের শপথ নিয়েছেন এবং হত্যার জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন।
নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে রাখা হয়েছে পুরো এলাকায়। দেশ-বিদেশ থেকে আসা হাজারো শোকার্ত মানুষ ও বিভিন্ন প্রতিনিধির উপস্থিতিতে গ্র্যান্ড মোসাল্লা পরিণত হয়েছে শোক ও রাজনৈতিক আবেগের বিশাল সমুদ্রে।

