পাবনার সাঁথিয়ায় মাদক সেবনের অভিযোগে আব্দুর রাজ্জাক (৩০) নামে এক যুবককে পুলিশের হাতে তুলে দিয়েছেন মা।
রোববার (৫ জুলাই) দুপুরে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আব্দুর রাজ্জাককে এক বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত রাজ্জাক ফকিরপাড়াগ্রামের মৃত. আব্দুল রহমান মুন্সীর ছেলে। মাদক বিক্রি ও সেবনের অপরাধে তাকে এই দণ্ড দেওয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুর রাজ্জাক দীর্ঘদিন মাদক সেবন ও মাদক ব্যবসায়ের সঙ্গে সম্পৃক্ত। ইদানিং সে মাদক সেবনের টাকা না পেলে তার স্ত্রী এবং মাকে বিভিন্ন সময়ে মারধর করে সংসারে অশান্তির সৃষ্টি করে। সাম্প্রতিক মাকে সে একাধিকবার মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। তার মা মোনোয়ারা খাতুন পারিবারিকভাবে সবার পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে থানায় লিখিত অভিযোগ দেন। মনোয়ারা খাতুনের অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে নিজ বাড়ি থেকে আব্দুর রাজ্জাককে আটক করে পুলিশ।
সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান জানান, মায়ের অভিযোগের ভিত্তিতে রাজ্জাকের তাকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে মাদক বিক্রি ও সেবনের অপরাধে এক বছরের জেল ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
ওসি আরও জানান, এছাড়া নাগডেমড়া ইউনিয়নের ভিটাপাড়া গ্রামের ইউনুস প্রামানিকের ছেলে সানাউল্লাহকে মাদক সেবনের অপরাধে তিন মাসের জেল ও ৫ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার টাকা না দিতে পারায় তাকে আরও এক মাসের জেলসহ সর্বমোট চার মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

