রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় নতুন সংযোজন হতে যাচ্ছে মেট্রোরেলের মতিঝিল-কমলাপুর বর্ধিতাংশ। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ২০২৭ সালের এপ্রিল থেকে এ অংশে যাত্রী পরিবহন শুরু করার লক্ষ্য নিয়ে কাজ এগিয়ে চলছে।
ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬ প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুল ওহাব জানান, বর্ধিত লাইনে বাণিজ্যিকভাবে চালুর আগে ২০২৭ সালের জানুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচল শুরু হবে।
তার ভাষ্য, নিয়মিত যাত্রীসেবা শেষ হওয়ার পর রাতের বেলায় উত্তরা উত্তর স্টেশন থেকে কমলাপুর পর্যন্ত পুরো রুটে খালি ট্রেন চালিয়ে বিভিন্ন কারিগরি পরীক্ষা সম্পন্ন করা হবে।
প্রকল্প কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ১ দশমিক ১৬ কিলোমিটার বর্ধিতাংশের নির্মাণকাজের প্রায় ৭৭ শতাংশ ইতোমধ্যে শেষ হয়েছে। বর্তমানে স্টেশনের স্থাপত্য, প্রবেশ ও বের হওয়ার পথ এবং অন্যান্য অবকাঠামোগত কাজ দ্রুতগতিতে চলছে।
তারা জানান, কমলাপুর স্টেশনের পাইল, পিয়ার, স্টেশন কলাম, কনকোর্স ছাদ, প্ল্যাটফর্ম স্ল্যাব, ট্র্যাক স্ল্যাব, প্যারাপেট ওয়াল এবং স্টিলের ছাদের নির্মাণ শেষ হয়েছে। এখন স্বয়ংক্রিয় দরজা, সিগন্যালিং ব্যবস্থা এবং অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম স্থাপনের প্রস্তুতি চলছে।
প্রকল্প কর্তৃপক্ষের আশা, আগামী দুই মাসের মধ্যে ট্র্যাক বসানোর কাজও শেষ হবে।
এ ছাড়া স্টেশনের ভেতরে ও বাইরে টাইলস বসানো, কাচ স্থাপন, রং করা এবং প্রবেশপথের অবকাঠামো নির্মাণের কাজও চলছে। একই সঙ্গে উত্তরা কনস্ট্রাকশন ইয়ার্ডে প্রয়োজনীয় প্রিকাস্ট সেগমেন্ট তৈরির কাজও এগিয়ে চলছে।
বর্তমানে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে। ২০২৩ সালের নভেম্বরে এই অংশে বাণিজ্যিক সেবা চালু হয়। কমলাপুর পর্যন্ত সম্প্রসারণ শেষ হলে এমআরটি লাইন-৬-এর মোট দৈর্ঘ্য হবে ২১ দশমিক ২৬ কিলোমিটার, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থাকে আরও কার্যকর করবে।

