জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ১৩:৩৭

টেস্ট সিরিজের হতাশা কাটিয়ে ওয়ানডে ফরম্যাটে নতুন করে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

সোমবার (৬ জুলাই) হারারে স্পোর্টস ক্লাবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হয়। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে দুই দলের জন্যই সিরিজটি গুরুত্বপূর্ণ। তাই জয়ের পাশাপাশি দল গুছিয়ে নেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে উভয় দল।

সাম্প্রতিক সময়ে ওয়ানডে ক্রিকেটে ভালো ছন্দে রয়েছে বাংলাদেশ। সর্বশেষ চারটি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়েই জিম্বাবুয়ে সফরে এসেছে টাইগাররা। তবে সফরের একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জও রয়েছে মিরাজদের সামনে।

অন্যদিকে টেস্টে বড় ব্যবধানে জয়ের আত্মবিশ্বাস নিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে স্বাগতিক জিম্বাবুয়ে। নিজেদের কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে সিরিজে ইতিবাচক সূচনা করতে চায় তারা।

টস জিতে আগে বোলিং নেওয়ায় শুরুতেই প্রতিপক্ষকে কম রানে আটকে রাখার সুযোগ পেয়েছে বাংলাদেশের বোলাররা। এরপর রান তাড়ায় ব্যাটারদের দায়িত্বশীল পারফরম্যান্সে জয়ের প্রত্যাশা টাইগার শিবিরের।

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

ইত্তেফাক/আইএ