১৯ বছর পর নিয়োগ পেলেন ২৭ বিসিএসের আরও ৭৭ প্রার্থী

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ১৪:১৮

দুই দশকের দীর্ঘ আইনি লড়াই শেষে ২৭তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ আরও ৭৭ জন বঞ্চিত প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। 

রোববার (৫ জুলাই) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সুপারিশের ভিত্তিতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে গত বছরের ১৮ ডিসেম্বর প্রথম দফায় ৬৭৩ জন এবং চলতি বছরের ১৩ মে দ্বিতীয় দফায় ৯৬ জন বঞ্চিত প্রার্থীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন নিয়োগপ্রাপ্ত এই ৭৭ জন প্রার্থীকে আগামী ১৪ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগের নির্ধারিত কার্যালয়ে যোগদান করতে বলা হয়েছে।

ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় থেকে পরবর্তী কোনো নির্দেশনা না পেলে এই তারিখেই তাদের যোগদান করতে হবে। নির্ধারিত তারিখে কেউ যোগদান না করলে তিনি চাকরিতে সম্মত নন বলে ধরে নেওয়া হবে এবং তার নিয়োগপত্র বাতিল হয়ে যাবে।

ইত্তেফাক/ পিএস