চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বেলতলি নয়াকান্দি এলাকায় রাসেল দেওয়ানের মুরগির খামারের ঝোপের ভেতর থেকে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগের মধ্যে দুটি দেশীয় শর্টগান ও শর্টগানের ১২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-১১।
সোমবার (৬ জুলাই) দিবাগত রাতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করে।
র্যাব সূত্রে জানা যায়, রাত্রীকালীন টহল চলাকালে তারা খবর পান যে, মতলব উত্তর উপজেলার বেলতলি নয়াকান্দি এলাকার একটি মুরগির খামারে ঝোপের মধ্যে সন্দেহজনকভাবে একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ পড়ে রয়েছে। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালানো হয়।
তল্লাশির একপর্যায়ে ব্যাগটির ভেতর থেকে দুটি দেশীয় তৈরি শর্টগান ও শর্টগানের ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মতলব উত্তর থানায় হস্তান্তর করা হবে। অস্ত্র ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালিত হয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার এবং অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মতলব উত্তর থানার ওসি মো. কামরুল হাসান জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি এখনও থানায় জমা দেওয়া হয়নি। জমা দিলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

