খেলা শেষ, খোদা হাফেজ!: মাহফুজ আলম

আপডেট : ০৬ জুলাই ২০২৬, ২১:১৫

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও উগ্র ডানপন্থী বা 'ফার-রাইট' গোষ্ঠীগুলোর তৎপরতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিস্ফোরক মন্তব্য করেছেন। "খেলা শেষ, খোদা হাফেজ!" শিরোনামের ফেসবুক পোস্টে তিনি মব সন্ত্রাস, সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা এবং রাজনৈতিক স্বার্থে চরমপন্থীদের ব্যবহারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন।

নিজের ফেসবুক ওয়ালে দেওয়া দীর্ঘ এই পোস্টে মাহফুজ আলম অভিযোগ করেন যে, কিছু রাজনৈতিক কুশীলব নিজেদের নির্বাচনী বৈতরণী পার করার জন্য ফার-রাইট বা উগ্র ডানপন্থী উপাদানগুলোকে ভাড়াটে হিসেবে ব্যবহার করেছে। তার মতে, রাজনৈতিক উদ্দেশ্য হাসিল হওয়ার পর এখন সেই বলয়টি এসব গোষ্ঠী থেকে নিজেদের দায় ঝেড়ে ফেলার চেষ্টা করছে।

তিনি আরও উল্লেখ করেন যে, মাজার, পত্রিকা অফিস এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানে সাম্প্রতিক সময়ে যেসব হামলার ঘটনা ঘটেছে, তার পেছনে এই ফার-রাইট গুন্ডাতন্ত্র সরাসরি দায়ী। চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানকে একটি সর্বজনীন আন্দোলনের পরিবর্তে উদ্দেশ্যমূলকভাবে 'ইসলামি' বা 'ঐতিহ্যবাদী' বিপ্লব হিসেবে প্রতিষ্ঠার যে চেষ্টা চালানো হয়েছে, তাতে ধর্মনিরপেক্ষ ও মুক্তিযুদ্ধে বিশ্বাসী মধ্যবিত্ত শ্রেণির মনে আন্দোলনটি সম্পর্কে এক ধরনের বীতশ্রদ্ধা তৈরি হয়েছে বলেও তিনি দাবি করেন।

মাহফুজ আলম জানান, তিনি গত বছর থেকেই এই ডিজিটাল মব ও চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, যার কারণে তাঁকে নানামুখী হেনস্তার শিকার হতে হয়েছে। সবশেষে তিনি "সামনের দিনগুলি সবার জন্য রেকনিঙ" বা হিসাব-নিকাশের দিন বলে একটি সতর্কবার্তা উচ্চারণ করেছেন। তার এই বিস্ফোরক মন্তব্য বর্তমানে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জুলাই অভ্যুত্থানের চেতনা রক্ষা এবং উগ্রবাদের উত্থান রোধে তার এই বিশ্লেষণ বেশ তাৎপর্যপূর্ণ।

 

ইত্তেফাক/এএম