বরগুনায় পল্লী বিদ্যুতের একটি গ্রিড সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাবস্টেশনটির বিভিন্ন যন্ত্রাংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় বরগুনা সদর উপজেলার প্রায় ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। সোমবার (৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ২ নম্বর গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পল্লী বিদ্যুৎ সমিতির বরগুনা জোনাল অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, গৌরীচন্না ইউনিয়নের খেজুরতলা এলাকায় অবস্থিত এই গ্রিড সাবস্টেশনটির মাধ্যমে সদর উপজেলার সম্পূর্ণ পল্লী বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ নিয়ন্ত্রণ করা হয়। রাতে হঠাৎ সাবস্টেশনটির ভেতরে বিকট শব্দ হওয়ার পরপরই ৬ নম্বর ফিডারে আগুন ধরে যায়। যদিও আগুনের স্থায়িত্ব ছিল মাত্র এক থেকে দুই মিনিট, তবে এতে সাবস্টেশনের অন্যান্য ফিডার, বিভিন্ন তারের সংযোগ পুড়ে যায় এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাটিতে বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটলেও বরগুনা সদর উপজেলার ১০টি ইউনিয়নের ৬৭ হাজার গ্রাহক বর্তমানে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন।
এ প্রসঙ্গে পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বরগুনা জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মোহাম্মদ নাজমুল হাসান জানান, ঘটনার সময় তাঁরা অফিসেই ছিলেন। বিকট শব্দ পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ১১ কেভি এসিআর বিস্ফোরিত হয়ে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়ে গেছে। এ ছাড়া সেখানকার অনেক তার ও যন্ত্রাংশ পুড়ে গেছে। বর্তমানে মেরামতের কাজ শুরু হয়েছে এবং প্রতিটি যন্ত্রাংশ পরীক্ষা করা হচ্ছে। তবে পুড়ে যাওয়া মূল যন্ত্রাংশটি পটুয়াখালী থেকে সংগ্রহ করে আনতে হবে বলে তিনি জানান।
ডিজিএম আরও জানান, রাতের মধ্যে বিদ্যুৎ সঞ্চালন চালু করা সম্ভব না হলেও পরদিন সকালের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অভ্যন্তরীণ ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তবে সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

