বর্তমান সংসদকে দেশের ইতিহাসের সেরা হিসেবে দেখতে চাই: চিফ হুইপ

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ১৬:৪১

বর্তমান জাতীয় সংসদকে বাংলাদেশের ইতিহাসের সেরা সংসদ হিসেবে দেখতে চান বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম। একই সঙ্গে নবনির্বাচিত সংসদ সদস্যদের সংসদকে আরও কার্যকর ও গণতন্ত্রের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদ ভবনে বাজেট অ্যানালাইসিস অ্যান্ড মনিটরিং ইউনিট (বামু) আয়োজিত ‘বাজেট হেল্পডেস্ক ২০২৬’-এর সপ্তম ব্রিফিং সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, বর্তমান সংসদকে দেশের ইতিহাসের সেরা সংসদ হিসেবে দেখতে চান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সংসদকে আরও কার্যকর, প্রাণবন্ত এবং গণতান্ত্রিক চর্চার কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।

তিনি বলেন, সংসদীয় স্থায়ী কমিটিগুলোর ভূমিকা জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি এবং সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটিগুলোকে আরও সক্রিয় ও কার্যকরভাবে দায়িত্ব পালন করতে হবে।

নূরুল ইসলাম আরও বলেন, আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠা, সংসদীয় জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সুশাসন শক্তিশালী করতে সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও দায়িত্বশীল ভূমিকার বিকল্প নেই। সংসদীয় কমিটিগুলোর কার্যক্রমে সদস্যদের নিবিড় সম্পৃক্ততা এ লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইত্তেফাক/এমএএম