দেশের বাজারে বিমানে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম আবারও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন মূল্য মঙ্গলবার (৭ জুলাই) রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
মঙ্গলবার (৭ জুলাই) বিইআরসির সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন মূল্য অনুযায়ী, দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৫০ টাকা ২১ পয়সা থেকে কমিয়ে ১৩০ টাকা ৯৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। ফলে লিটারপ্রতি দাম কমেছে ১৯ টাকা ২২ পয়সা।
অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের মূল্য প্রতি লিটারে শূন্য দশমিক ৯৮০৮ মার্কিন ডলার থেকে কমিয়ে শূন্য দশমিক ৮৫৫৬ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ৭ জুনও জেট ফুয়েলের দাম কমিয়েছিল বিইআরসি। সে সময় অভ্যন্তরীণ ফ্লাইটে প্রতি লিটারের মূল্য ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে কমিয়ে ১৫০ টাকা ২১ পয়সা করা হয়। একই সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১ দশমিক ০৮২৩ মার্কিন ডলার থেকে কমিয়ে শূন্য দশমিক ৯৮০৮ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছিল।
বিইআরসির এ মূল্যহার দেশের অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনাকারী সংস্থাগুলোর পাশাপাশি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, যশোর ও কক্সবাজার বিমানবন্দরসহ ভবিষ্যতে চালু হওয়া বিমানবন্দরগুলোতে প্রযোজ্য হবে।

