চলমান এইচএসসি পরীক্ষা-২০২৬ সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনার পাশাপাশি প্রশ্নপত্রের সর্বোচ্চ গোপনীয়তা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। প্রশ্নপত্র গ্রহণ থেকে শুরু করে সংরক্ষণ, পরীক্ষা কক্ষে পৌঁছে দেওয়া এবং পরীক্ষার্থীদের মধ্যে বিতরণের প্রতিটি ধাপে দায়িত্বশীলদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর জেসমিন তাসলিমা বানুর সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। দেশের সব এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছে চিঠিটি পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, কোনো পরীক্ষাকক্ষে প্রয়োজনের অতিরিক্ত প্রশ্নপত্র সরবরাহ করা যাবে না। প্রশ্নপত্র বিতরণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অব্যবহৃত বা অতিরিক্ত প্রশ্নপত্র নির্ধারিত নিয়মে নিরাপদে সংরক্ষণ করতে হবে।
এছাড়া কোনো অবস্থাতেই প্রশ্নপত্র বা প্রশ্নপত্রের কোনো অংশ পরীক্ষা কক্ষের বাইরে নেওয়া যাবে না বলেও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি কেন্দ্রসংশ্লিষ্ট কর্মকর্তা, কক্ষ পরিদর্শক এবং দায়িত্বপ্রাপ্ত সব ব্যক্তিকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার পাশাপাশি বিধিনিষেধ কঠোরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।
জরুরি এ নির্দেশনার অনুলিপি দেশের সব সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকদের পাশাপাশি সব জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হয়েছে।

