সাজেক ভ্যালী পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ২০:৫৩

ভারি বর্ষণ ও পাহাড়ধসের কারণে পর্যটক এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা বিবেচনায় রাঙামাটির ঐতিহ্যবাহী 'সাজেক ভ্যালি' পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে এক জরুরি বিজ্ঞপ্তিতে জানিয়েছে জেলা প্রশাসন।

রাঙামাটি জেলা প্রশাসনের জুডিসিয়াল মুন্সিখানা শাখা থেকে জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী সই করা এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যমান আবহাওয়ায় সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতকল্পে ০৭ জুলাই মঙ্গলবার সন্ধ্যা হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙ্গামাটি পার্বত্য জেলাধীন বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হলো। এসময়ে বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালীর সকল পর্যটন কেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, দুর্গম এলাকা ও ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটরসহ সর্বসাধারণের ভ্রমণ নিষিদ্ধ থাকবে।

এছাড়াও বিজ্ঞপ্তিতে এ জেলায় চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

ইত্তেফাক/এমএসআর