হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগের পর ইরানের তেল বিক্রির ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৭ জুলাই) এ সিদ্ধান্তের কথা জানায় ওয়াশিংটন।
মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা বলেন, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ইরানের হামলা ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’। এ ধরনের কর্মকাণ্ডের জন্য তেহরানকে এর পরিণতি ভোগ করতে হবে বলেও সতর্ক করেন তিনি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার ঘোষণার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৫ শতাংশ বেড়ে যায়।
এর আগে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে হওয়া একটি সমঝোতার অংশ হিসেবে মার্কিন ট্রেজারি বিভাগ আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানের তেল বিক্রির অনুমোদন দিয়েছিল। তবে নতুন সিদ্ধান্তের ফলে সেই সময়সীমা কমিয়ে ১৭ জুলাই পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
এদিকে বুধবার (৮ জুলাই) ইরানের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ‘শক্তিশালী’ হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানি বার্তাসংস্থা মেহের নিউজ। প্রতিবেদনে বলা হয়, দেশটির দক্ষিণাঞ্চলের সিরিক এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, মঙ্গলবার ইরান হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছিল। এর জবাবে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে রাতভর অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে তারা।

