ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক ‘এমকিউ-৯’ ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে সফলভাবে গুলি করে নামানোর দাবি করেছে দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি।
বুধবার (৮ জুলাই) ইরানের তাসনিম নিউজের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা।
আইআরজিসি-এর মুখপাত্র হোসেন মহবি এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছেন যে ইরানের বুশেহর প্রদেশের খোরমুজ এলাকার আকাশে মার্কিন ড্রোনটিকে তাদের বাহিনীর প্রতিরক্ষা ইউনিট নিখুঁতভাবে আঘাত হেনে ভূপাতিত করেছে। মার্কিন সামরিক বাহিনীর চালানো তীব্র আকাশ আগ্রাসনের সরাসরি জবাব দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন।
মুখপাত্র হোসেন মহবি মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের উড্ডয়নকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করে বলেন যে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে পরিচালিত ‘আকাশ আগ্রাসনের’ কারণেই ড্রোনটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল এবং সেটিকে সফলভাবে নামিয়ে আনা সম্ভব হয়েছে। ইরানের আকাশসীমা সুরক্ষায় তাদের বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন।
সূত্র: আল জাজিরা

