ট্রাম্পের বাণিজ্যিক সম্পর্ক ছিন্নের ঘোষণাকে পাত্তাই দিচ্ছে না স্পেন

আপডেট : ০৮ জুলাই ২০২৬, ১৬:৩২

ন্যাটোতে পর্যাপ্ত অবদান না রাখার অভিযোগ তুলে স্পেনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ঝেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (৮ জুলাই) তুরস্কের আঙ্কারায় চলমান ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসব মন্তব্য করেন তিনি। শুধু তাই নয়, স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণাও দিয়েছেন ট্রাম্প।

তবে ট্রাম্পের এই হুমকিতে খুব একটা বিচলিত মনে হচ্ছে না মাদ্রিদকে। স্পেনের প্রধানমন্ত্রীর কার্যালয় বলছে, তারা এসব হুমকিকে স্বাভাবিক ব্যবসায়িক পরিস্থিতির অংশ হিসেবেই দেখছে।

সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ন্যাটোতে স্পেন একটি ভয়াবহ অংশীদার। তারা অংশগ্রহণ করে না, অর্থও দেয় না। আমি স্পেনের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না।

তিনি আরও নির্দেশ দেন, অনুগ্রহ করে স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধ করে দিন। এমনকি সেখানে ভ্রমণও বন্ধ করুন। তাদের সঙ্গে কথাও বলবেন না। তারা খুবই হতাশাজনক, বাজে লোক।

এই সংঘাতের মূলে রয়েছে ন্যাটোর প্রতিরক্ষা ব্যয় নিয়ে দ্বন্দ্ব। ট্রাম্পের চাপের মুখে অন্যান্য সদস্য দেশগুলো ২০৩৫ সালের মধ্যে জিডিপির ৫ শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় করতে সম্মত হলেও স্পেন একমাত্র দেশ যারা এই প্রতিশ্রুতি দিতে অস্বীকার করেছে। এছাড়া ইরান যুদ্ধের সময় সামরিক ঘাঁটি ব্যবহারে অনুমতি না দেওয়ায় ট্রাম্পের ক্ষোভ আরও বেড়েছে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, আমাদের দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে অত্যন্ত চমৎকার সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্ক উপভোগ করছে। এই সম্পর্ক পরিবর্তনের কোনো ইচ্ছা আমাদের নেই। তারা ট্রাম্পের হুমকিকে ‘ব্যবসায়িক রুটিনের অংশ’ বলে উড়িয়ে দিয়েছে।

আঙ্কারায় চলমান সম্মেলনে ইরান ইস্যুতেও কথা বলেছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতির সমঝোতা এখন ‘শেষ’ হয়ে গেছে।

সূত্র: আল জাজিরা

ইত্তেফাক/এবিএস