চাঁদপুরের তিন নদীর মোহনায় মেঘনার তীব্র ঘূর্ণিস্রোতের কবলে পড়ে ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ উল্টে গেছে। বুধবার (৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে পুরান বাজার ঘাটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে কার্গোতে থাকা পাঁচ শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হয়েছেন। এ ঘটনায় কোনো প্রাণহানি হয়নি।
কার্গোটির চালক এরশাদ মাঝি জানান, মঙ্গলবার পাবনা থেকে ৩ হাজার ৮০০ বস্তা চাল ও ১ হাজার ৪০০ বস্তা ধান নিয়ে ‘পারবো’ নামের কার্গোটি চাঁদপুরের উদ্দেশে রওনা দেয়। বুধবার সকালে পুরান বাজার ঘাটের কাছে পৌঁছালে তিন নদীর মোহনায় সৃষ্ট তীব্র ঘূর্ণিস্রোতে পড়ে কার্গোটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
তিনি আরও জানান, দুর্ঘটনার সময় কার্গোতে থাকা পাঁচ শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। পরে উল্টে যাওয়া কার্গোটি ডাকাতিয়া নদীর তীরে ভিড়িয়ে রাখা হয়েছে।
চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন পাটোয়ারী জানান, কার্গোতে থাকা ধান ও চাল পুরান বাজারের সাত ব্যবসায়ীর মালামাল ছিল। প্রাথমিক হিসাবে এ ঘটনায় প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসেন বলেন, কার্গোডুবির বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য তাদের কাছে পৌঁছেনি।
এদিকে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চাঁদপুর নদীবন্দরের উপপরিচালক মো. কামরুজ্জামান জানান, ঘটনার খবর পেয়ে নৌ-নিরাপত্তা বিভাগের উপপরিচালক বাবু লাল বৈদ্যকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ এবং সার্বিক পরিস্থিতি তদন্ত করে দেখা হচ্ছে।

