কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় হাওরে নবজাতক শিশুর লাশবাহী একটি নৌকায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা নৌকার আরোহীদের তিনটি মোবাইল ফোন, নৌকার সোলার প্যানেল, ব্যাটারি ও নগদ টাকা লুট করেছে।
মঙ্গলবার রাত ১০টায় উপজেলার সুতারপাড়া ইউনিয়নের নোয়াগাঁও স্লুইসগেট এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিঠামইন উপজেলার ঘাগড়া ইউনিয়নের চমকপুর গ্রামের বাবু মিয়ার ১৫ দিন বয়সী কন্যাশিশু মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পরে রাতে শিশুটির স্বজনরা মরদেহ নিয়ে করিমগঞ্জের বালিখলা ঘাট থেকে একটি রিজার্ভ করা নৌকায় করে চমকপুর গ্রামের উদ্দেশ্যে রওনা হন। সেসময় এই ডাকাতির ঘটনা ঘটে।
এ বিষয়ে শিশুটির দাদা আবদুল হক বলেন, ‘করিমগঞ্জের বালিখলা ঘাট থেকে নৌকা ছাড়ার প্রায় ১৫ মিনিট পর একটি ছোট নৌকায় করে ছয়জনের একটি ডাকাত দল এসে আমাদের গতিরোধ করে। আমরা অনেক অনুরোধ করে বলি, নৌকায় শিশুর মরদেহ রয়েছে। কিন্তু ডাকাতরা আমাদের অনুরোধ না শুনে সঙ্গে থাকা সবকিছু ছিনিয়ে নেয়।’
নৌকার মাঝি রতন মিয়া জানান, নৌকা ছাড়ার প্রায় ১৫ মিনিট পর নোয়াগাঁও স্লুইসগেটের কাছে অপর একটি নৌকায় করে ছয়জনের একটি ডাকাতদল এসে তাদের নৌকায় হামলা চালায়। এ সময় ডাকাতরা স্বজনদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ চার হাজার টাকা লুট করে নেয়। পরে ডাকাতরা যাওয়ার সময় ওই নৌকায় থাকা সোলার প্যানেলের ব্যাটারিটিও নিয়ে যায়।
এই বিষয়ে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান বলেন, ‘এই ঘটনায় এখনো কোনো অভিযোগ পাইনি। নৌ পুলিশের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হবে।’
করিমগঞ্জের চামড়াঘাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইস্কান্দার জানান, তিনি ঘটনাটি শুনেছেন। তবে এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

