ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সংগঠনটির বর্তমান ভাইস প্রেসিডেন্ট ও প্রতিষ্ঠাকালীন সদস্য ফাতিমা তাসনিম জুমা। এর কিছু আগেই একই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাকালীন নির্বাহী পরিচালক ও বর্তমান চেয়ারম্যান আব্দুল্লাহ আল জাবের।
বুধবার (৮ জুলাই) নিজেদের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পৃথক পোস্টে তারা এই ঘোষণা দেন। পোস্টে দুজনই জানান, শহীদ ওসমান হাদির ওয়ারিশদের দাবির পরিপ্রেক্ষিতে এবং সংশ্লিষ্ট দলিল-দস্তাবেজের ভিত্তিতে ইনকিলাব কালচারাল সেন্টার দাবিদারদের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।
নিজের পোস্টে ফাতিমা তাসনিম জুমা ইনকিলাবে যুক্ত হওয়ার প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি জানান, জুলাই-পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করে নিছক বাংলাদেশপন্থি সংস্কৃতির চর্চাকে এগিয়ে নেওয়ার স্বার্থেই তিনি এই সংগঠনে যোগ দিয়েছিলেন। তবে সময়ের সঙ্গে সংগঠনটি সাংস্কৃতিক কর্মকাণ্ডের গণ্ডি পেরিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করতে শুরু করলে তিনি এ নিয়ে ভেতরে ভেতরে উদ্বেগ প্রকাশ করেছিলেন বলে জানান।
সংগঠনটির বর্তমান জটিলতার বিবরণ দিয়ে জুমা লেখেন, শহীদ ওসমান হাদির শাহাদাতের পর সামনে আসে ওয়ারিশ-সংক্রান্ত জটিলতা। এই সংকট নিরসনে ট্রাস্ট গঠনের চেষ্টা করা হলেও সেই কাজ সম্পন্ন করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে ওয়ারিশ-সংক্রান্ত বিষয়টিকে কেন্দ্র করে প্রকাশ্যে নানা ধরনের আলোচনা, অপপ্রচার ও মানহানিকর মন্তব্য ছড়িয়ে পড়লে তিনি ব্যক্তিগতভাবে তীব্র মানসিক চাপে পড়েন বলে উল্লেখ করেন।
সরে দাঁড়ানোর সিদ্ধান্তের ব্যাখ্যায় তিনি পোস্টে লিখেছেন, ‘আল্লাহ তায়ালা শহীদ ওসমান হাদিকে যে সম্মান দিয়েছেন, সেই সম্মানের স্বার্থে, তার ওয়ারিশদের দাবির প্রেক্ষিতে ও সমস্ত দলিল-দস্তাবেজ সাপেক্ষে ইনকিলাব কালচারাল সেন্টার দাবিকারীদের নিকট হস্তান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
সংগঠনটির আর্থিক লেনদেনের বিষয়েও ব্যাখ্যা দেন জুমা। তিনি জানান, শহীদ ওসমান হাদির শাহাদাতের আগে পরিচালিত ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ অবস্থায় রয়েছে। তবে এরপর থেকে তার দায়িত্ব পালনকালীন সময়ে সেন্টারের যাবতীয় আর্থিক হিসাব দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করা হবে।
পোস্টের শেষাংশে জুমা উল্লেখ করেন, ইনকিলাবের প্রতি সাধারণ মানুষের যে বিশ্বাস ও ভালোবাসা তৈরি হয়েছে, তার মর্যাদা রক্ষার চেষ্টা তার অব্যাহত থাকবে। ইনকিলাব কালচারাল সেন্টার ছাড়লেও তার আদর্শিক সংগ্রাম অন্য কোনো মাধ্যমে চলমান থাকবে বলেও ঘোষণা দেন তিনি।

