মমতা ব্যানার্জির বড় ধাক্কা

কলকাতায় বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের ৩ সাবেক রাজ্যসভা সদস্য

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ২০:৩৮

ভারতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মিলেছে। তৃণমূল কংগ্রেসের (টিএমসি) তিন সাবেক রাজ্যসভার সদস্য সুষ্মিতা দেব, সুখেন্দু শেখর রায় ও প্রকাশ চিক বরাইক আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দিয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) কলকাতায় বিজেপির রাজ্য কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তারা দলের সদস্যপদ গ্রহণ করেন। 

বিজেপির পশ্চিমবঙ্গ সভাপতি সমীক ভট্টাচার্যের উপস্থিতিতে তিন নেতাকে দলে স্বাগত জানানো হয়। সম্প্রতি তারা রাজ্যসভার সদস্যপদ ও তৃণমূলের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করেছিলেন। এরপর থেকেই তাদের বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা চলছিল। বৃহস্পতিবার সেই জল্পনারই অবসান হলো।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে এই দলবদল তৃণমূলের জন্য অস্বস্তিকর বার্তা। বিশেষ করে দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতার প্রকাশ্য অসন্তোষের পর এই যোগদানকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে বিজেপির দাবি, পশ্চিমবঙ্গে তাদের সাংগঠনিক শক্তি আরও বাড়ছে এবং বিভিন্ন রাজনৈতিক দলের অভিজ্ঞ নেতারা তাদের প্রতি আস্থা প্রকাশ করছেন। 

তবে এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, সামনের রাজনৈতিক লড়াইকে সামনে রেখে দুই প্রধান দলের মধ্যে নেতাকর্মী টানার প্রতিযোগিতা আরও জোরালো হতে পারে। 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

 

ইত্তেফাক/এবিএস