কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেলেন মরক্কোর সাইবারি

আপডেট : ০৯ জুলাই ২০২৬, ২৩:৪২

ফ্রান্সের বিপক্ষে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে বড় ধাক্কা খেয়েছে মরক্কো। ইনজুরির কারণে দলের অন্যতম ভরসার ফুটবলার ইসমাইল সাইবারি এই গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না।

বুধবার (৮ জুলাই) সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন মরক্কো কোচ মোহাম্মদ ওয়াহবি। তিনি জানান, শেষ ষোলোতে কানাডার বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান সাইবারি। নির্ধারিত সময়ের মধ্যে তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি।

ওয়াহবি বলেন, ‘সাইবারি ছাড়া দলের বাকি সবাই শতভাগ ফিট। ম্যাচটি ওর জন্য একটু বেশি জলদি চলে এসেছে। আমি আশা করছি, টুর্নামেন্টের বাকি অংশ থেকে ও ছিটকে যাবে না।’

সাইবারির পরিবর্তে কানাডার বিপক্ষে মাঠে নেমে গোল করেছিলেন স্ট্রাইকার সুফিয়ান রহিমি। ফলে ফ্রান্সের বিপক্ষেও একাদশে তার জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ইত্তেফাক/জেডএইচ