এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। অভিযানে স্টেশনসংলগ্ন যাত্রী চলাচল ও নিরাপত্তায় বাধা সৃষ্টি করা বিভিন্ন অবৈধ স্থাপনা ও দখল অপসারণ করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাজাহান আলী, মো. জাহিদুল ইসলাম ও নজরুল ইসলামের উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ডিএমটিসিএলের পাশাপাশি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), র্যাব, ফায়ার সার্ভিস, বাংলাদেশ আনসার, ডেসকো, ওয়াসা এবং এমআরটি পুলিশ অংশ নেয়। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন এবং ডিএমটিসিএলের উপমহাব্যবস্থাপক (প্রশাসন) মো. আবু হাসান সিদ্দিক উপস্থিত ছিলেন। অভিযানে প্রয়োজনীয় লজিস্টিক সহায়তা দেয় ঢাকা উত্তর সিটি করপোরেশন।
ডিএমটিসিএল জানিয়েছে, স্টেশন এলাকায় যাত্রীদের নির্বিঘ্ন চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। একই সঙ্গে ভবিষ্যতে অবৈধ দখলের চেষ্টা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।

