ওয়ার্ডভিত্তিক কঠিন বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর, শক্তিশালী ও টেকসই করতে কোর গ্রুপ গঠন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বর্জ্য সংগ্রহ ব্যবস্থার উন্নয়ন, কর্মীদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে কাজ করবে এ কমিটি।
শুক্রবার (১০ জুলাই) ডিএনসিসি সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির সচিব মুহাম্মদ আসাদুজ্জামান এ-সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে কমিটির অনুমোদন দেন।
ডিএনসিসি জানায়, ওয়ার্ডভিত্তিক কঠিন বর্জ্য ব্যবস্থাপনাকে আরও দক্ষ ও টেকসই করা, বিদ্যমান বর্জ্য সংগ্রহ পদ্ধতির উন্নয়ন, নতুন বর্জ্য সংগ্রহ ব্যবস্থা চালু এবং পরিচ্ছন্নতাকর্মীদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই কোর গ্রুপ গঠন করা হয়েছে।
কমিটির গ্রুপ লিডার হিসেবে দায়িত্ব পালন করবেন ডিএনসিসির অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা। উপগ্রুপ লিডারের দায়িত্বে থাকবেন উপপ্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা।
এ ছাড়া সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এবং ডিএনসিসির ১০টি অঞ্চলের সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাদের সদস্য হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

