খুলনা মহানগরীর নিরালা প্রান্তিকা আবাসিক এলাকা থেকে উদ্ধার হওয়া বস্তাবন্দী কিশোরীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহত আরফানা হোসেন নির্জনা (১৬) নগরীর বসুপাড়া বাঁশতলা এলাকার মো. আলীম হোসেনের মেয়ে ও ইকবালনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
খুলনা সদর থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. সাত্তার জানান, গত বৃহস্পতিবার (৯ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধারের খবর পেয়ে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে মেয়ের লাশ শনাক্ত করেন তার মা। এর আগে গত বুধবার রাত সোয়া ১০টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ নিরালা প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর সড়কের একটি সাততলা ভবনের সামনে থেকে পুলিশ বস্তাবন্দী অবস্থায় কিশোরীর মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের মা সীমা আক্তারকে আটক দেখানো হয়েছে। তবে নিহতের বাবা আলীম হোসেনকে এখনও পাওয়া যায়নি। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
খুলনা সদর থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, প্রথমে নিহতের পরিচয় জানা না গেলেও পরে তাকে নির্জনা হিসেবে শনাক্ত করা হয়। হত্যাকাণ্ডে রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। শিগগিরই ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
ঘটনার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমরা অভিযানে আছি। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।

