খেলতে চেয়েছিলেন কোর্তোয়া, কোচ উঠিয়ে নেওয়ায় কপাল পুড়ল বেলজিয়ামের

আপডেট : ১১ জুলাই ২০২৬, ০৮:৪৩

থিবো কোর্তোয়ার চোট যেন বদলে দিলো ম্যাচের ভাগ্য। বেলজিয়ামের অভিজ্ঞ গোলরক্ষক মাঠ ছাড়ার পর বদলি নেমে ভুল করেন সেনে লামেন্স, আর সেই সুযোগ কাজে লাগিয়ে শেষদিকে মিকেল মেরিনোর জয়সূচক গোলে সেমিফাইনাল নিশ্চিত করে স্পেন। শনিবার (১১ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

জানা যায়, ম্যাচের দ্বিতীয়ার্ধে একটি দূরপাল্লার কিক নিতে গিয়ে পায়ে টান লাগে কোর্তোয়ার। শতভাগ ফিট না থাকায় ৭১তম মিনিটে কোচ রুডি গার্সিয়া তাকে তুলে ২১ বছর বয়সী সেনে ল্যামেন্সকে মাঠে নামান। কোর্তোয়া আরও কিছুক্ষণ খেলতে চাইলেও কোচের এই সিদ্ধান্ত মেনে নেন। আর সেই গোলকিপারের ভুলেই দ্বিতীয় গোল হজম করে স্পেনের কাছে ২-১ গোলে হেরেছে বেলজিয়াম। 

কোর্তোয়া জানান, দ্বিতীয়ার্ধের শুরুতে একটি লং কিক নেওয়ার সময় ঊরুর সামনের পেশিতে ব্যথা অনুভব করেছিলেন। এরপর কয়েকটি সেভ করলেও আবার লং কিক নেওয়ার সময় ব্যথা বাড়ে। তবে তার বিশ্বাস ছিল, অন্তত আরও কিছুক্ষণ খেলা চালিয়ে যেতে পারতেন।

তিনি বলেন, ‘ঊরুর সামনের পেশিতে অনেক ব্যথা ছিল। কিন্তু গোলপোস্টে দাঁড়িয়ে থাকতে আমার কোনো সমস্যা ছিল না, শুধু লং কিক নিতে সমস্যা হচ্ছিল। শেষ পর্যন্ত কোচই আমাকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’

অবশ্য তাতে যে কোর্তোয়া বেশ অসন্তুষ্ট, তা নয়। বরং দলের স্বার্থ সবার আগে বলে মনে করেন তিনি। তাকে তুলে নেওয়ার বিষয়ে জিজ্ঞেস করা হয়েছিল বেলজিয়াম কোচ রুডি গার্সিয়াকে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিশ্বকাপের শুরু থেকেই আমার ভাবনা ছিল শতভাগ ফিট নয়, এমন খেলোয়াড়কে মাঠে না রাখা। আজ কোর্তোয়ার ক্ষেত্রেও সেটাই হয়েছে।’

এদিকে ৮৬তম মিনিটে ঘটে সেই ট্র্যাজেডি। স্পেনের পাউ কুবার্সির নেওয়া একটি নিচু শট সঠিকভাবে তালুবন্দী করতে ব্যর্থ হন তরুণ ল্যামেন্স। তার হাত থেকে ফসকানো রিবাউন্ড বলে আলতো টোকা দিয়ে স্পেনের জয়সূচক গোলটি করেন বদলি হিসেবে নামা মিকেল মেরিনো।

ম্যাচ শেষে ল্যামেন্স যখন কান্নায় ভেঙে পড়েন, তখন বড় ভাইয়ের মতো তাকে আগলে নেন কোর্তোয়া। ম্যাচ শেষে কোর্তোয়া বলেন, ‘আমি সেনেকে জড়িয়ে ধরেছি। আমি জানি গোলরক্ষকদের জন্য এটা কতটা খারাপ একটা অনুভূতি। কিন্তু সে একজন দারুণ গোলরক্ষক, এই ভুল থেকে শিক্ষা নিয়ে ও আরও শক্তিশালী হয়ে ফিরবে।’

এদিকে পরের বিশ্বকাপে খেলবেন কি না, আপাতত অজানা। তবে আগামী এক বছর বেলজিয়াম দল থেকে বিশ্রাম নিতে চান কোর্তোয়া। 

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি এক বছর বেলজিয়ামের হয়ে কোনো ম্যাচ খেলতে চাই না। এরপর ইউরো বাছাইপর্ব এবং ২০২৮ ইউরোতে খেলতে চাই। বেলজিয়াম এ ব্যাপারে রাজি হবে কি না, জানি না।’

এদিকে কোর্তোয়ার এই সিদ্ধান্ত সম্পর্কে কোচ গার্সিয়া বলেন, তিনি বা তার দলের খেলোয়াড়েরা এ বিষয়ে অবগত নন।

 

ইত্তেফাক/এনটিএম