রাজধানীর পুরান ঢাকার লালবাগের প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (অপারেশন) দীলিপ কুমার ঘোষকে প্রধান করে এই তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটিতে সদস্য হিসেবে থাকছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (এডি) আব্দুল হালিম এবং উপ-সহকারী পরিচালক (ডিএডি) নিউটন দাস। আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে এই কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
জানা যায়, পুরান ঢাকার ইসলামবাগ এলাকার পোস্তা ঢালের ওয়াটার অক্সফোর্ড রোডে বুধবার রাত ১০টা ৪০ মিনিটে প্লাস্টিক কারখানায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট। ঈদের বন্ধের কারণে কারখানায় কেউ ছিল না। পরে রাত ১টা ২০ মিনিটে ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিলীপ কুমার ঘোষের বরাত দিয়ে নিয়ন্ত্রণকক্ষের কর্তব্যরত কর্মকর্তা এরশাদ হোসাইন জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে।
আরও পড়ুন: কাঁঠালবাড়ি নৌপথে যাত্রীদের উপচে পড়া ভিড়
স্থানীয়রা জানান, দুর্ঘটনাস্থলে একটি প্লাস্টিকের খেলনার গোডাউন ছিল। ঈদের ছুটির কারণে কারখানায় লোকজন ছিল না। বিদ্যুতের ট্রান্সফরমার থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিভে গেলেও এখন প্লাস্টিকের কালো ধোঁয়ায় চারদিকে আচ্ছন্ন হয়ে আছে।
ইত্তেফাক/জেডএইচডি
