টেইলর সুইফটের বিয়ের ‘আবর্জনা’ বিক্রি হচ্ছে অনলাইনে, কিনতে ১০০ ডলার গুনছেন ভক্তরা

আপডেট : ১১ জুলাই ২০২৬, ১৯:৪৭

মার্কিন পপ তারকা টেইলর সুইফটকে ঘিরে ভক্তদের উন্মাদনা নতুন নয়। তবে এবার সেই উন্মাদনা ভিন্ন মাত্রা পেয়েছে। গত ৩ জুলাই এনএফএল তারকা ট্রাভিস কেলসির সঙ্গে বিয়ের পর অনুষ্ঠানস্থলের বাইরে পড়ে থাকা আবর্জনাও এখন সংগ্রহযোগ্য স্মারকে পরিণত হয়েছে। আর সেসব কিনতে ভক্তরা খরচ করছেন ১০০ মার্কিন ডলার পর্যন্ত।

এই ব্যতিক্রমী উদ্যোগের পেছনে রয়েছেন নিউইয়র্কের শিল্পী জাস্টিন গিগন্যাক। টেইলর সুইফট ও ট্রাভিস কেলসির বিয়ের দিন তিনি অনুষ্ঠানস্থলের আশপাশে ঘুরে অতিথিদের ফেলে যাওয়া বিভিন্ন জিনিস সংগ্রহ করেন। পরে সেগুলো স্বচ্ছ প্লাস্টিকের ছোট কিউবের মধ্যে বায়ুরোধীভাবে সংরক্ষণ করে বিক্রির জন্য তোলেন। এই সংগ্রহের নাম দিয়েছেন ‘পকেট গারবেজ’।

ছোট আকারের কিউবের দাম রাখা হয়েছে ২৫ মার্কিন ডলার, আর বড় কিউবের দাম ১০০ ডলার। দাম বেশ চড়া হলেও ভক্তদের আগ্রহে অল্প সময়েই সেগুলো বিক্রি হয়ে যায়।

টেইলর সুইফটের বিয়ের অনুষ্ঠানস্থলের বাইরে পড়ে থাকা আবর্জনাও এখন হয়ে উঠেছে সংগ্রহযোগ্য স্মারক

গিগন্যাক জানান, সংগ্রহ করা জিনিসগুলোর মধ্যে ছিল একটি রিং পপ ললিপপ, একটি হারানো এয়ারপড, এমনকি একটি ওভুলেশন টেস্ট কিটও। এসবের পাশাপাশি আরও নানা ধরনের পরিত্যক্ত সামগ্রী তিনি সংগ্রহ করেছেন। প্রতিটি কিউব এমনভাবে সিল করা হয়েছে যাতে ভেতরের বস্তু নষ্ট না হয় বা কোনো দুর্গন্ধ বের না হয়।

জাস্টিন গিগন্যাকের কাছে এসব শুধু ব্যবসার পণ্য নয়, শিল্পেরও অংশ। গত ২৫ বছর ধরে তিনি নিউইয়র্কের বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা পরিত্যক্ত জিনিস ছোট কিউবের মধ্যে সংরক্ষণ করে শিল্পকর্ম তৈরি করে আসছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'মানুষ যেসব জিনিস ফেলে দেয় বা উপেক্ষা করে, সেসবের মধ্যেও আমি সৌন্দর্য, আনন্দ ও বিস্ময় খুঁজে পাই। একটি ধারণা থেকেই এই কাজের শুরু।'

গিগন্যাকের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কাস্টম স্মারকও বিক্রি হয়। এর আগে অনেক দম্পতির বিয়ের স্মৃতি সংরক্ষণ করে তিনি বিশেষ কিউব তৈরি করেছেন। সেখানে বিয়ের শপথের কপি, আংটির বাক্স, টেবিল নম্বরসহ বিভিন্ন স্মারক সংরক্ষণ করা হয়েছে।

তিনি মজার ছলে বলেন, 'টেইলর ও ট্রাভিস চাইলে তাদের জন্যও একটি বিশেষ স্মারক কিউব তৈরি করে দিতে পারি।'

বিশ্বজুড়ে টেইলর সুইফটকে ঘিরে ভক্তদের উন্মাদনার নানা নজির রয়েছে। তবে বিয়ের অনুষ্ঠানস্থলের বাইরে পড়ে থাকা আবর্জনাও যে সংগ্রহযোগ্য স্মারকে পরিণত হতে পারে, সেটিই এবার আলোচনার নতুন বিষয় হয়ে উঠেছে।

সূত্র: ভয়েস ডটকম

ইত্তেফাক/এসজে