পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, শেখ হাসিনাসহ পলাতক স্বৈরাচারীদের দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের ১৭ কোটি মানুষের সামনে তাদের সাজা কার্যকর করা হবে। বাংলাদেশে গত ১৭ বছর ধরে যে ফ্যাসিবাদী সরকার বিনা ভোটে ক্ষমতায় ছিল, সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার হয়েছে, সাজা হয়েছে। আরও অনেক স্বৈরাচারীরও বিচার ও সাজা হয়েছে।
শনিবার (১১ জুলাই) বিকেলে মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে ‘নারীর অগ্রযাত্রা: শিক্ষা ও ক্যারিয়ার’ শীর্ষক সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ সরকার ইতোমধ্যে যারা পালিয়ে গেছে, তাদের দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে বিচার সম্পন্ন এবং সাজা কার্যকর করার প্রক্রিয়া অন্তর্বর্তী সরকারের সময় থেকেই শুরু করেছে। সেই প্রক্রিয়া এখনও চলমান রয়েছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে যেসব দেশে তারা পালিয়ে রয়েছে, সেসব দেশের সঙ্গে আমরা কূটনৈতিকভাবে যোগাযোগ অব্যাহত রেখেছি। এ-সংক্রান্ত সব ধরনের প্রক্রিয়া চলমান রয়েছে। ইনশাআল্লাহ, তাদের দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের সতেরো কোটি মানুষের সামনে বিচার সম্পন্ন করা হবে।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত মানু, সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম মোস্তফা প্রমুখ।

