পরিবারে একটু সচ্ছলতা ও মুখে হাসি ফোটাতে ধারদেনা করে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন ২৩ বছর বয়সী যুবক শোয়াইব বিশ্বাস। কিন্তু প্রবাস জীবন তার স্বপ্নপূরণ তো দূরের কথা, বিয়ের মাত্র দুই মাসের মাথায় এক ভয়াবহ দুর্ঘটনায় কেড়ে নিল তার তাজা প্রাণ।
নিহত শোয়াইব ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরুটিয়া গ্রামের শওকত বিশ্বাসের ছেলে। পাঁচ ভাইবোনের মধ্যে শোয়াইব সেজো।
পারিবারিক সূত্রে জানা যায়, পরিবারের হাল ধরতে ২০২৩ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে পাড়ি দিয়েছিলেন। গত এপ্রিলে তিন বছর পর ছুটিতে বাড়ি এসেছিলেন শোয়াইব। পরিবারের ইচ্ছায় মে মাসের শুরুতে বিয়ে করেন তিনি। বিয়ের মাত্র দুই মাস পার হতে না হতেই গত ১ জুলাই পুনরায় প্রবাসের উদ্দেশে পাড়ি জমান তিনি।
মালয়েশিয়ার জোহর বাহরু শহরে একটি নির্মাণ প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপণ পাইপ স্থাপনের কাজে যোগ দিয়েছিলেন শোয়াইব। শুক্রবার (১০ জুলাই) সকালে কর্মস্থলে ক্রেন দিয়ে কাজ করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি ক্রেন তার ওপর আছড়ে পড়ে। ক্রেনের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান শোয়াইব।
নিহতের ভগ্নিপতি তুহিন হাসান বলেন, দুপুরের দিকে মালয়েশিয়ায় একই প্রতিষ্ঠানে কর্মরত এক বাংলাদেশি সহকর্মী ফোন করে এই দুঃসংবাদ আমাদের জানান।
ভিডিও ও ছবিতে দুর্ঘটনার ভয়াবহতা দেখে শোয়াইবের নিকটাত্মীয়রা শোকাহত হয়ে পড়েছেন। প্রিয়জনের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন তারা।
ফরিদপুর প্রবাসী কল্যাণ সেন্টারের সহকারী পরিচালক মো. আশিক সিদ্দিকী বলেন, নিহতের পরিবারকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। নিহত শোয়াইবের মরদেহ দূতাবাস ও আমাদের মাধ্যমে দেশে আনার প্রক্রিয়া শুরু হবে। মরদেহ পৌঁছানোর পর বিমানবন্দর থেকে দাফন ও পরিবহন বাবদ নগদ সহায়তা এবং পরবর্তীতে সরকারি নিয়মানুযায়ী ক্ষতিপূরণ হিসেবে তিন লাখ টাকা প্রদান করা হবে।

