ডেঙ্গু জ্বরে রাজধানীতে আরও ২ জনের মৃত্যু

আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ১৯:২৫

রাজধানীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। তাদের একজন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাদারীপুর স্বাস্থ্য সদর কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী তপন কুমার মন্ডল ও আরেকজন মৌসুমি আক্তার (২৫)। 

জানা যায়, দুই সপ্তাহ আগে তপন কুমার মন্ডলকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১০ নম্বর অঞ্চলের শ্যামপুর ও জুরাইন এলাকায় ডেঙ্গু রোগীদের চিকিৎসা সহায়তা দিতে মাদারীপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকায় দক্ষিণ সিটি কর্পোরেশনে স্থানান্তর করা হয়। চার দিন আগে তার শরীরের ডেঙ্গু জ্বর ধরা পড়ে। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

একই দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান মৌসুমি আক্তার (২৫)। বেশকিছু দিন যাবৎ ঠাণ্ডা জ্বরে ভুগছিলেন। বুধবার মহাখালী টিবি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষা করে ডেঙ্গু জ্বর শনাক্ত করেন। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাকে সেখান থেকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। পরে সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগের আইসিইউতে নেওয়ার পর বেলা ১১টা ৪০ মিনিটে তিনি মারা যান।

আরও পড়ুন:  শিবগঞ্জে হরিজন ও বেদে সম্প্রদায়ের মধ্যে ভাতা বিতরণ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, 'মৃতের স্বজনরা জানিয়েছেন মৌসুমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছিল, আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের ওয়ান স্টপ আইসিইউতে মারা গেছে।'

ইত্তেফাক/জেডএইচডি