ভারতের মহারাষ্ট্রের পুনে জেলার পিম্পরি-চিঞ্চওয়াড় এলাকার মোশি বর্জ্য ডাম্পিং ইয়ার্ডে ময়লার বিশাল স্তূপ ধসে প্রশাসনিক ভবন চাপা পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে আটজনে পৌঁছেছে।
শনিবার (১১ জুলাই) ধ্বংসস্তূপের ভেতর থেকে আরও সাতজনের মরদেহ উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এখনও একজন নিখোঁজ রয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ভারতীয় সেনাবাহিনী, জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) এবং স্থানীয় প্রশাসনের সমন্বয়ে অভিযান অব্যাহত রয়েছে।
গত বুধবার দুপুর দেড়টার দিকে পিম্পরি-চিঞ্চওয়াড় পৌর করপোরেশন পরিচালিত মোশি বর্জ্য ডিপোর ‘ওয়েস্ট-টু-এনার্জি’ প্রকল্পের প্রশাসনিক ভবনের ওপর হঠাৎ ময়লার বিশাল স্তূপ ধসে পড়ে। সে সময় ভবনের ভেতরে ২২ জন এবং পাশের ময়লার স্তূপের নিচে আরও একজন চাপা পড়েন। দুর্ঘটনার পরপরই পাঁচজন নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।
দুর্ঘটনার পর ভারতীয় সেনাবাহিনী, এনডিআরএফ, পিম্পরি-চিঞ্চওয়াড় পৌর করপোরেশন, পিএমআরডিএ ফায়ার সার্ভিস ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। প্রথম দিন ধ্বংসস্তূপ থেকে নয়জনকে জীবিত উদ্ধার করা হয়। তবে বৃহস্পতিবার উদ্ধার হওয়া ভবেশ ওয়ানিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
উদ্ধারকাজে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল ভবনের ঝুঁকিপূর্ণ অবস্থা। কংক্রিটের অংশ যেকোনো সময় ধসে পড়ার আশঙ্কায় উদ্ধারকর্মীদের অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করতে হয়েছে। ধ্বংসস্তূপ অপসারণে ১২টি এক্সকাভেটর, ডাম্পার ও জেসিবি মেশিন ব্যবহার করা হয়। পরে আরও দুটি আধুনিক ডেমোলিশন এক্সকাভেটর আনা হয়। এনডিআরএফের কারিগরি তত্ত্বাবধানে ভবনের ঝুঁকিপূর্ণ অংশ নিয়ন্ত্রিতভাবে সরানোর পর উদ্ধারকারীরা ভেতরে প্রবেশ করতে সক্ষম হন।
এদিকে ভবনের পাশের ময়লার স্তূপের নিচে চাপা পড়া একজনকে উদ্ধারে প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুর, বিশেষায়িত যন্ত্রপাতি এবং ভারী সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। শেষ নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: এনডিটিভি

