গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ভাতিজার বিরুদ্ধে চাচাকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। রোববার দিবাগত রাতে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের কেতকিরহাট মাঝিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাহজালাল মিয়া (৫০) ওই গ্রামের মৃত নিয়ামতউল্লাহ শেখের ছেলে। তিনি বাঁশের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। অভিযুক্ত গোলাম হোসেন (৩৫) নিহতের বড় ভাই মৃত শাহ জামালের ছেলে।
নিহতের স্ত্রী পারুল বেগম জানান, শনিবার দিবাগত রাতে তিনি নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। পাশের বারান্দার কক্ষে ঘুমিয়ে ছিলেন তার স্বামী শাহজালাল মিয়া। রাত আনুমানিক ২টার দিকে গোঙানির শব্দ শুনে ঘুম থেকে উঠে বাইরে বের হলে তিনি ওই কক্ষ থেকে গোলাম হোসেনকে পালিয়ে যেতে দেখেন। পরে ঘরে ঢুকে স্বামীর গলাকাটা মরদেহ দেখতে পান।
নিহতের ছেলে পাঞ্জু মিয়ার অভিযোগ, গোলাম হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। তিনি প্রায়ই নিজের স্ত্রীকে মারধর করতেন। এসব বিষয়ে তার বাবা শাহজালাল মিয়া তাকে শাসন করতেন।
তিনি আরও অভিযোগ করেন, কিছুদিন আগে গোলাম হোসেন ধারালো অস্ত্র দিয়ে তার স্ত্রীকে আহত করেন। এরপর তার স্ত্রী ঢাকায় চলে যান। পারিবারিক ওই বিরোধের জেরেই গোলাম হোসেন তার বাবাকে হত্যা করে থাকতে পারেন বলে তাদের ধারণা।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

