বৈরী আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে না পেরে দুবাই থেকে আসা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইট ১৪৮ জন যাত্রী নিয়ে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে।
রোববার (১২ জুলাই) সকাল ১১টা ৩৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস-৩৪২ ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সিলেট বিমানবন্দর সূত্র জানায়, দুবাই থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে আসা ফ্লাইটটি প্রতিকূল আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণে ঢাকায় অবতরণ করতে পারেনি। পরে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ফ্লাইটটি সিলেটে ডাইভার্ট করা হয়।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ দুপুর ২টা ১৫ মিনিটে জানান, ঢাকার প্রতিকূল আবহাওয়ার কারণে ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটি বিকল্প হিসেবে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করেছে। ঢাকার আবহাওয়া অনুকূলে এলে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ফ্লাইটটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে।
তিনি আরও জানান, যাত্রীদের সাময়িকভাবে বিমানবন্দরের লাউঞ্জে রাখা হয়েছে, যাতে তারা বিশ্রাম ও প্রয়োজনীয় সেবা নিতে পারেন।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা যায়, রোববার ভোর থেকে ঢাকার আকাশে বৈরী আবহাওয়া ও কম দৃশ্যমানতার কারণে অন্তত অর্ধশতাধিক আগমন ও প্রস্থান ফ্লাইট নির্ধারিত সময়ের তুলনায় বিলম্বিত হয়।
এর মধ্যে আবুধাবি থেকে ইতিহাদ এয়ারওয়েজ, শারজাহ থেকে এয়ার অ্যারাবিয়া, দুবাই থেকে এমিরেটস, ফ্লাইদুবাই ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট, মদিনা ও সৈয়দপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেদ্দা ও চট্টগ্রামগামী ফ্লাইট এবং কুয়ালালামপুর থেকে মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট দীর্ঘ সময় আকাশে অপেক্ষার পর ঢাকায় অবতরণ করে।
শনিবার রাত থেকে টানা ভারী বৃষ্টি, রোববার সকালে কমে যাওয়া দৃশ্যমানতা এবং বিরূপ আবহাওয়ার কারণে উড়োজাহাজের অবতরণ ও উড্ডয়নে জটিলতা সৃষ্টি হয়। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কয়েকটি ফ্লাইটকে বিকল্প বিমানবন্দরে পাঠানো হয় এবং অনেক ফ্লাইটের সময়সূচি পুনর্নির্ধারণ করা হয়েছে বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে।

