ভোলায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-গুলিসহ আটক ৪

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০০:৫৩

ভোলার সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনগণের সহায়তায় কুখ্যাত ডাকাত ফিরোজ জামাদ্দার (৫৫) ও তার তিন সহযোগীকে অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রোববার (১২ জুলাই) উপজেলার পশ্চিম ধনিয়ার বালিয়াকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। 

আটকরা হলেন— ফিরোজ ডাকাত বাহিনীর প্রধান, দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. ফিরোজ জমাদার (৫৫) এবং তার তিন সহযোগী মো. ফয়সাল (২৫), মো. ইব্রাহিম (২৫) ও মো. কামাল (৩০)।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, ভোলা সদর থানার পশ্চিম ধনিয়ার বালিয়াকান্দি সংলগ্ন এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে স্থানীয় লোকজন ফিরোজ জামাদ্দার ও তার তিন সহযোগীকে আটক করে এবং বিষয়টি কোস্ট গার্ডকে জানায়। খবর পেয়ে রোববার দুপুর ৩টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ঘটনাস্থল থেকে একটি দেশিয় একনলা বন্দুক, চার রাউন্ড তাজা কার্তুজ, তিনটি দেশিয় অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি কাঠের নৌকা জব্দ করে।

উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং আটককৃত ডাকাতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

ইত্তেফাক/ এমএসআর