সোমবার বরিশাল যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৪:১৩

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার (১৩ জুলাই) বরিশাল জেলা সফরে যাচ্ছেন। দিনব্যাপী এই সফরে তিনি পরিবেশ উন্নয়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাংগঠনিক একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে তার সফরের আনুষ্ঠানিক সময়সূচি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল (সোমবার) সকাল ১০টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোরে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। এরপর সকাল ১০টা ৪০ মিনিটে একই স্থানে সাধারণ মানুষের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।  

গৌরনদীর কর্মসূচি শেষে দুপুর ১টায় প্রধানমন্ত্রী বরিশাল শহরের সাগরদী খালপাড়ে অপর একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। পরবর্তীতে বিকাল ৩টায় বরিশাল শিল্পকলা একাডেমিতে আয়োজিত একটি সাংগঠনিক সভায় যোগদানের মধ্য দিয়ে তার এ সফর শেষ হবে।

প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে বরিশাল জেলা জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও দলীয় নেতা-কর্মীদের মাঝে এ সফর ঘিরে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

 
ইত্তেফাক/এমএস