ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ নিহত প্রত্যেক নাগরিকের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান নীতি বলে ঘোষণা করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তেহরানে সোমবার ( ১৩ জুলাই) এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
বাঘেই বলেন, এটি সরকারের স্পষ্ট দায়িত্ব। পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নেবে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ সংগ্রহ এবং নথিভুক্ত করতে আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে ইরান। লক্ষ্য হলো প্রকৃত বিচার নিশ্চিত করা।
এ ছাড়া, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে ওমানের সঙ্গে যৌথ ব্যবস্থাপনা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তেহরানের। তবে যুক্তরাষ্ট্রের চাপের কারণে মাসকাটের সঙ্গে এ নিয়ে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে না বলে জানান বাঘেই।
সূত্র: আল জাজিরা

