জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬২ জনের মৃত্যু হয়েছে: বিআরটিএ

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ১৭:০১

গত জুন মাসে দেশে ৫৩০টি সড়ক দুর্ঘটনায় ৪৬২ জন প্রাণ হারিয়েছেন হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৭৫০ জন। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সড়ক দুর্ঘটনা-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

বিআরটিএ জানিয়েছে, গত ১২ জুলাই স্বাক্ষরিত প্রতিবেদনটি ১৩ জুলাই অনলাইনে প্রকাশ করা হয়। তাদের বিভাগীয় অফিসগুলোর মাধ্যমে সারাদেশের সড়ক দুর্ঘটনার তথ্য সংগ্রহ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, বিভাগভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রাম বিভাগে। সেখানে ১৭১টি দুর্ঘটনায় ১৪৩ জন নিহত এবং ২৬৪ জন আহত হয়েছেন। ঢাকা বিভাগে ১১৫টি দুর্ঘটনায় ১০৩ জন নিহত ও ১৭৬ জন আহত হয়েছেন।

দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস।

এ ছাড়া খুলনা বিভাগে ৪৮টি দুর্ঘটনায় ৪০ জন নিহত ও ৮৮ জন আহত হয়েছেন। রাজশাহী বিভাগে ৬৫টি দুর্ঘটনায় ৬৭ জন নিহত ও ৬৬ জন আহত হয়েছেন। বরিশাল বিভাগে ৩৫টি দুর্ঘটনায় ২০ জন নিহত ও ৭৯ জন আহত হয়েছেন। সিলেট বিভাগে ২১টি দুর্ঘটনায় ২০ জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। রংপুর বিভাগে ৪৭টি দুর্ঘটনায় ৪৭ জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন। ময়মনসিংহ বিভাগে ২৮টি দুর্ঘটনায় ২২ জন নিহত ও ২৮ জন আহত হয়েছেন।

জুন মাসের দুর্ঘটনাগুলোতে মোট ৮২৭টি যানবাহন জড়িত ছিল। এর মধ্যে ছিল মোটরকার বা জিপ ২৭টি, বাস বা মিনিবাস ১৫৩টি, ট্রাক বা কাভার্ডভ্যান ১৭১টি, পিকআপ ৫৫টি, মাইক্রোবাস ১৮টি, অ্যাম্বুলেন্স ৭টি, মোটরসাইকেল ১৩৮টি, ভ্যান ২৩টি, ট্রাক্টর ৬টি, ইজিবাইক ২২টি, ব্যাটারিচালিত রিকশা ২৭টি, অটোরিকশা ৬২টি এবং ১১৮টি অন্যান্য যানবাহন।

সড়ক দুর্ঘটনা

যানবাহনভিত্তিক নিহতের হিসাবে মোটরসাইকেল দুর্ঘটনায় সবচেয়ে বেশি ১২১ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া মোটরকার দুর্ঘটনায় বা জিপ ১২ জন, বাস বা মিনিবাস দুর্ঘটনায় ৪৫ জন, ট্রাক বা কাভার্ডভ্যান দুর্ঘটনায় ৭১ জন, পিকআপ দুর্ঘটনায় ২৬ জন, মাইক্রোবাস দুর্ঘটনায় ৬ জন, অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় ৪ জন, ভ্যান দুর্ঘটনায় ১১ জন, ট্রাক্টর দুর্ঘটনায় ২ জন, ইজিবাইক দুর্ঘটনায় ১২ জন, ব্যাটারিচালিত রিকশা দুর্ঘটনায় ১৭ জন, অটোরিকশা দুর্ঘটনায় ৪১ জন ও অন্যান্য যান দুর্ঘটনায় ৯৪ জন নিহত হয়েছেন। সব মিলিয়ে জুন মাসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪৬২ জন।

ইত্তেফাক/এনএ