দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের দুই বছরের কারাদণ্ড

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ১৯:০৪

রাজনৈতিক তহবিল আইন লঙ্ঘনের অভিযোগে দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। সোমবার (১৩ জুলাই) সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট এই রায় ঘোষণা করেন।

আদালত বলেছেন, ইউন একজন রাজনৈতিক ব্রোকারের কাছ থেকে বিনামূল্যে ২৭ কোটি ওন (প্রায় ১ লাখ ৮০ হাজার ডলার) মূল্যের জনমত জরিপ সেবা নিয়েছিলেন, যা সম্পূর্ণ অবৈধ। তিনি মোট ১৪ বার এই ফ্রি সেবা নেন। বিনিময়ে ওই ব্রোকারকে সুবিধা দিতে একজন সাবেক সংসদ সদস্যের মনোনয়নে নিজের প্রভাব খাটিয়েছিলেন বলে আদালত উল্লেখ করেছে।

তবে ৬৫ বছর বয়সী ইউন এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, তিনি কখনো এ ধরনের জরিপ চাননি এবং কাউকে কোনো সুবিধা দেওয়ার প্রতিশ্রুতিও দেননি। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সুযোগ রয়েছে।

এর আগে সাবেক ফার্স্ট লেডি কিম কোন-হির সঙ্গে সম্পর্কিত একটি মামলায় আদালত বলেছিলেন, এই জরিপ সেবার পেছনে কোনো ‘কুয়িড প্রো কু’ বা স্বার্থের লেনদেন ছিল না। কিন্তু সোমবার ইউনের ক্ষেত্রে আদালতের সিদ্ধান্ত আগের রায়ের চেয়ে ভিন্ন হয়েছে।

উল্লেখ্য, সাবেক এই প্রেসিডেন্ট বর্তমানে মোট আটটি মামলায় জড়িত। ২০২৪ সালের ডিসেম্বরে হঠাৎ সামরিক আইন জারির ঘটনায় রাষ্ট্রদ্রোহিতার মূল পরিকল্পনাকারী হিসেবে চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সেই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করেছেন। 

এছাড়া, গ্রেপ্তারে বাধা দেওয়ার অভিযোগে গত সপ্তাহে সুপ্রিম কোর্ট তার আরেকটি মামলায় সাত বছরের কারাদণ্ড বহাল রেখেছে।

সূত্র: রয়টার্স

 

 

ইত্তেফাক/এবিএস