ফেনী‌তে সাংবাদিকের ওপর অবৈধ বালু উত্তোলনকারী‌দের হামলা, প্র‌তিবাদে মানববন্ধন

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ২৩:০৯

ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুরে ফেনী নদী থেকে অবৈধ বালু উত্তোলনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে মোহনা টেলিভিশনের ফেনী-১ (ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম) প্রতিনিধি নিজাম উদ্দিন মজুমদার সজিবের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা। সোমবার সকালে পৌর শহরের জিরো পয়েন্টে ছাগলনাইয়া প্রেস ক্লাবের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলা মতপ্রকাশের স্বাধীনতা ও স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। তারা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে আমার দেশ প্রতিনিধি জাহাঙ্গীর কবির লিটন বলেন, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে গিয়ে বিভিন্ন স্থানে সাংবাদিকরা হামলা, মামলা ও হয়রানির শিকার হচ্ছেন। তিনি হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।

মানবজমিন প্রতিনিধি মোহাম্মদ মোস্তফা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি শুভপুরে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও আজকের পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ শেখ কামাল বলেন, ঘটনায় দুইজন আটক হলেও হামলার সঙ্গে জড়িত অন্যদেরও দ্রুত গ্রেপ্তার করতে হবে।

ইনকিলাব প্রতিনিধি এবিএম নিজাম উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন কালের কণ্ঠ প্রতিনিধি কামরুল হাসান লিটন, নয়াদিগন্ত প্রতিনিধি আবুল হাসান, ভোরের কাগজ প্রতিনিধি আব্দুল আউয়াল, ইত্তেফাক প্রতিনিধি মো. কামরুল হাসান, কালবেলা প্রতিনিধি মিলন খন্দকার, মুক্তখবর প্রতিনিধি মাসুম বিল্লাহ, নয়াপয়গাম প্রতিনিধি নিলু কাজী, আমার ফেনী প্রতিনিধি সেপাল নাথ, গণকণ্ঠ প্রতিনিধি নুরুল আমিন ফারুক, স্টার লাইন প্রতিনিধি পিনু শিকদার এবং সংগ্রাম প্রতিদিন প্রতিনিধি মিতুল চৌধুরী।

উল্লেখ্য, গত ৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শুভপুর ইউনিয়নের জগন্নাথ সোনাপুর এলাকায় অ‌বৈধ বালু উ‌ত্তোলন ও নদীভাঙন-সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিক নিজাম উদ্দিন মজুমদার সজিব। অভিযোগ রয়েছে, ছবি ও ভিডিও ধারণের সময় হেলমেট পরা কয়েকজন ব্যক্তি তার ওপর হামলা চালিয়ে মারধর করে নদীতে ফেলে দেয়। এতে তিনি মাথা, মুখমণ্ডল, চোখ ও পায়ে গুরুতর আহত হন।

এ ঘটনায় সজিবের পক্ষে তার বড় বোন রহিমা আক্তার বাদী হয়ে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করে ছাগলনাইয়া থানায় মামলা করেছেন। এরই ম‌ধ্যে ২ জন‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে।

ইত্তেফাক/এএইচপি