নওগাঁয় শোবার ঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

সাত জেলায় পৃথক ঘটনায় আরো সাত লাশ উদ্ধার

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০১:৫৯

নওগাঁর মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে নিজ শয়ন কক্ষ থেকে স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এর বাইরে পটুয়াখালী, চট্টগ্রাম, সুনামগঞ্জ, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, জামালপুর ও কক্সবাজারে পৃথক ঘটনায় আরো সাত জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে রহস্যজনক মৃত্যু, নিখোঁজ হওয়ার পর মরদেহ উদ্ধার, পানিতে ডুবে মৃত্যু এবং আত্মহত্যার ঘটনা। সংশ্লিষ্ট এলাকাসমূহ থেকে ইত্তেফাকের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা জানান, উপজেলার সফাপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে নিজ শয়ন কক্ষ থেকে স্বামী ও স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকালে লাশ দুটি ঐ ঘর থেকে উদ্ধার হয়। নিহতরা হলেন লোকমান মন্ডল (৫২) ও তার স্ত্রী দেলোয়ারা বেগম (৪৬)। লোকমান পেশায় দিনমজুর ছিলেন। সোমবার ভোর সাড়ে ৩টার দিকে ঐ দম্পতির ছেলে মুক্তার হোসেন প্রতিবেশীদের খবর দিলে তারা এসে খাটের উপর তাদের মরদেহ দেখতে পান। মুক্তার পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরির চাকরি করেন এবং বাবা-মায়ের সঙ্গে একই বাড়িতে বসবাস করেন। মুক্তারের দাবি,  রাত সাড়ে ৩টার দিকে বাথরুম থেকে ফেরার সময় তিনি তার বাবা-মায়ের ঘরের দরজা খোলা দেখে ভিতরে ঢুকে আলো জ্বালিয়ে দেখেন খাট থেকে বাবার পা ঝুলে আছে। তাদেরকে ডাক দিলে কোনো সাড়া না পেয়ে বিষয়টি প্রতিবেশীদের জানান। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক বলেন, মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আপাতত থানায় একটি ইউডি মামলা হয়েছে।

গলাচিপা (পটুয়াখালী) সংবাদদাতা জানান, পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নে খালে পড়ে মো. মামুন নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। মামুন দড়িবাহেরচর গ্রামের আলমগীর ডালিম ও আখলিমা দম্পতির ছেলে। ঐ যুবক খালের ওপর নির্মিত সাঁকো পার হওয়ার সময় পা পিছলে পানিতে পড়ে গেলে স্থানীয়রা খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, রাঙ্গুনিয়ায় নিখোঁজ হওয়ার দুই দিন পর মো. সোলেমানের নামে এক যুবকের মরদেহ গতকাল বোয়ালখালি উপজেলার ভান্ডারজুরি চরন্ধীপ এলাকায় কর্ণফুলী নদীতে পাওয়া গেছে। গত শনিবার সকালে পুর্বসরফভাটা এলাকায় কর্ণফুলী নদীতে উজান থেকে আসা ভাসমান লাকড়ি সংগ্রহের সময় নৌকা ডুবে দুই ভাই পানিতে পড়ে যায়। এসময় আশপাশে থাকা অন্যান্য লাকড়ি সংগ্রহকারীরা তাত্ক্ষণিকভাবে বড় ভাই আব্দুল হামিদকে উদ্ধার করতে পারলেও সোলেমান (২০) পানির প্রবল স্রোতে তলিয়ে যান। সোলেমান পূর্ব সরফভাটা লোকমান মিস্ত্রীর বাড়ি এলাকার বাসিন্দা বদিউল আলমের ছেলে।

জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা জানান, পারিবারিক কলহ নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়ার পর শয়নকক্ষ থেকে সুন্দর আলী (২৫) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার জগন্নাথপুর পৌরসভার হবিবনগর এলাকায় এ ঘটনা ঘটে। সুন্দর আলী হবিবনগর এলাকার ছমেদ আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সুন্দর আলী ও তার স্ত্রী লুবনা বেগমের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। পুলিশ বসতঘরের দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। তবে ঘটনার পর থেকে লুবনা পলাতক।

হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা জানান, চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় সাবেক নারী ভাইস চেয়ারম্যান প্রার্থী নাজমুন নাহার স্বপ্নার (৩৫) রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল সকালে উপজেলার দোয়াভাঙ্গা বাস স্ট্যান্ড এলাকার ‘নিউ লাইফ হাসপাতাল’ ভবনের পঞ্চম তলার একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। নাজমুন নাহার কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার লালচাঁদপুর ইউনিয়নের বাংলাইস গ্রামের নজরুল ইসলামের মেয়ে। তিনি পেশায় বিউটিশিয়ান ছিলেন এবং খিলা বাজার এলাকায় একটি বিউটি পার্লার পরিচালনা করতেন। চার দিন আগে রাসেল চৌধুরী নামে এক প্রবাসী নিজেকে তার স্বামী পরিচয় দিয়ে ঐ ফ্ল্যাটটি ভাড়া নেন। সোমবার সকালে বাসা থেকে শিশুদের কান্নার শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে নাজমুন নাহারের ঝুলন্ত মরদেহ দেখতে পান। ভবনের মালিক মেহেদী হাসান জানান, স্বামী-স্ত্রী পরিচয়ে তারা বাসাটি ভাড়া নিয়েছিলেন। এ ঘটনায় ভবনের অন্য বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পারিবারিক কলহের জেরে ২ সন্তানের জনক ব্রাহ্মণবাড়িয়ার জজ কোর্টের অ্যাডভোকেট মনোয়ার হোসেন দিপু (৩৬) নামে এক আইনজীবীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। গতকাল সকালে কসবা পৌরসভার শাহপুর উত্তরপাড়া গ্রামের নিজ বাড়িতে তিনি আত্মহত্যা করেন। মনোয়ার হোসেন দিপু শাহপুর গ্রামের মো. আলমগীর হোসেনের ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন। এছাড়া তিনি কসবা পৌর ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও আইনবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা জানান, উপজেলায় পানিতে ডুবে মাসুদ আকন্দ (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বিকালে উপজেলার জোড়খালী ইউনিয়নের কলাদহ এলাকায় এ ঘটনা ঘটে। তিনি ঐ এলাকার মৃত আব্দুল গণির ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন পরিবারের অগোচরে বাড়ির পাশের একটি ডোবায় জমে থাকা বৃষ্টি পানিতে পড়ে যান মাসুদ। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে তার ভাতিজি বাড়ির পাশের ডোবায় মরদেহ ভাসতে দেখে চিত্কার করলে স্বজনরা গিয়ে তা উদ্ধার করেন।

কক্সবাজার প্রতিনিধি জানান, ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলী গ্রামে শওকত ওসমান মিছবাহ (২৩) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার হয়েছে। তিনি পোকখালী ইউনিয়নের পূর্ব গোমাতলী গ্রামের মৃত আবদুল হাকিমের ছেলে। ঈদগাঁও থানার ওসি এ টি এম সিফাতুল মাজদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা।

ইত্তেফাক/এনএন