আইআরজিসির হামলা

ইরানের সতর্কতা উপেক্ষা, হরমুজে দুই সুপার ট্যাংকার অচল

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ০৯:০৯

ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দুটি সুপার ট্যাংকারে হামলা চালিয়েছে। সতর্কবার্তা উপেক্ষা করে চলাচল করায় এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। 

সিএনএন- এর প্রতিবেদন অনযায়ী, টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতির মাধ্যমে আইআরজিসি জানিয়েছে যে তারা দুটি ‘বিদ্রোহী সুপারট্যাঙ্কারে আঘাত হেনে সেগুলোকে অচল করে দিয়েছে’।

আইআরজিসি বলেছে, ট্যাঙ্কার দুটি হরমুজ প্রণালীতে তাদের নেভিগেশন সিস্টেম বন্ধ করে দিয়েছিল এবং ইরানি কর্তৃপক্ষের সতর্কতা উপেক্ষা করে একটি ‘মাইন পাতা পথ’ দিয়ে যাওয়ার চেষ্টা করেছিল।

হরমুজ প্রণালীর দক্ষিণাঞ্চলে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে সংযুক্ত আরব আমিরাতের দুটি ট্যাংকার ক্ষতিগ্রস্ত হওয়ার পর আইআরজিসি-র পক্ষ থেকে এই বিবৃতিটি আসে।

এর আগে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) জানিয়েছিল, আল-বাহিয়া এবং মোম্বাসা নামের ট্যাংকার দুটি ওমানের জলসীমায় থাকাকালীন আক্রান্ত হয় এবং এসময় মোম্বাসা ট্যাংকারের একজন ভারতীয় নাবিক নিহত হন। দেশটির এ দাবির কয়েক ঘণ্টা পর আইআরজিসি হামলার কথা জানিয়েছে।

যদিও আইআরজিসি-র বিবৃতিতে আক্রান্ত ট্যাংকারগুলোর নাম বা সেগুলো কোন পতাকাবাহী ছিল, তা উল্লেখ করা হয়নি। কখন ট্যাংকারগুলোতে হামলা চালানো হয়েছিল, সে বিষয়েও কিছু বলা হয়নি।

 

ইত্তেফাক/পিএস