দেশের ৫৯ উপজেলা বন্যাকবলিত, মৃত্যু বেড়ে ৫৪: দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ১৫:৫৩

দেশের চলমান বন্যা পরিস্থিতিতে এখন পর্যন্ত ৫৯টি উপজেলা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রাণহানির সংখ্যা বেড়ে ৫৪ জনে পৌঁছেছে। বন্যাকবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম জোরদার করতে ইতোমধ্যে ১ কোটি ৭৫ লাখ টাকা, চাল ও শুকনো খাবার বরাদ্দ দিয়েছে সরকার।

মঙ্গলবার (১৪ জুলাই) সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

মন্ত্রী বলেন, চলমান বন্যায় দেশের ৫৯টি উপজেলার ৩৬৮টি ইউনিয়ন ও ১২টি পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ দুর্যোগে এখন পর্যন্ত ৫৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এবারের বর্ষায় টানা ভারী বৃষ্টিতে দেশের দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা বন্যাকবলিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হবিগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি ও মৌলভীবাজার জেলায় বন্যার প্রভাব পড়েছে। পানি নামতে শুরু করায় বিভিন্ন এলাকায় ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্রও সামনে আসছে।

সংবাদ সম্মেলনে আসাদুল হাবিব দুলু জানান, দুর্গত মানুষের সহায়তায় ইতোমধ্যে ১ কোটি ৭৫ লাখ টাকা তাৎক্ষণিক বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি বন্যাকবলিত এলাকায় চাল ও শুকনো খাবারও বিতরণ করা হচ্ছে।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকারের ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নিজ নিজ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বন্যা মোকাবিলা, স্বাস্থ্যসেবা, কৃষি পুনর্বাসন ও অন্যান্য সহায়তা কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।

এর আগে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বন্যা পরিস্থিতি পর্যালোচনায় আন্তমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়।

 
ইত্তেফাক/এসএ