মাদকের টাকা না পেয়ে সন্তানদের সামনেই স্ত্রীকে হত্যা, আটক স্বামী

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ২০:০৯

গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনের টাকার জন্য স্ত্রীকে হত্যার ঘটনায় করা মামলায় র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন ছায়েদুল ইসলাম নামে এক ব্যক্তি। সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা পৌনে সাতটায় গাজীপুরের বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব–১।

গ্রেপ্তার ছায়েদুল ইসলাম ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার গীর্দাপাড়া গ্রামের বাসিন্দা। তার স্ত্রী নিহত নাসিমা আক্তার (২৭) নেত্রকোনা জেলার পূর্বধলা থানার বনপাড়া গ্রামের আবদুল মান্নানের মেয়ে। ছায়েদুল–নাসিমা দম্পতির এক ছেলে, এক মেয়ে। 

ছায়েদুলকে গ্রেপ্তারের বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে র‍্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্প। বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ছায়েদুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদে জানা গেছে, ছায়েদুল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং নেশার টাকার জন্য প্রায়ই স্ত্রীকে মারধর করতো। 

গত ১২ জুলাই নাসিমা পোশাক কারখানা থেকে বেতন পেয়ে বাসায় ফেরেন। রাতে ছায়েদুল তার কাছে ৩ হাজার টাকা দাবি করেন। কিন্তু নাসিমা টাকা দিতে অস্বীকৃতি জানালে ছায়েদুল নাসিমাকে মারধর করে এবং এক পর্যায়ে ছায়েদুল ধারালো ছুরি দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি আঘাত করে। এতে মাত্রাতিরিক্ত রক্তক্ষরণ হয়। গুরুতর আহত নাসিমাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শ্রীপুর সরকারী হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। 

র‍্যাব জানায়, রাতে ঘর থেকে চিৎকার ও শিশুদের কান্নার শব্দ শুনে পাশের লোকজন ছুটে গিয়ে নাসিমাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখেন। দুই শিশু সন্তানের সামনেই নাসিমাকে আঘাত করেন ছায়েদুল। ঘটনার পরপরই তিনি দৌড়ে পালিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় নাসিমাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। এ ঘটনায় নিহত নারীর ভাই মো. মাসুম বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেন।

র‍্যাব-১ গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার শাহ আলম বলেন, অভিযান চালিয়ে আলোচিত ওই ঘটনার মূল আসামিকে গ্রেপ্তার আসামিকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

শ্রীপুর থানার ওসি শাহিনুর আলম বলেন, এই ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে আসামীকে আদালতে পাঠানো হলে আদালত জেল হাজতে প্রেরণ করে। 

 

ইত্তেফাক/এমএসআর