প্রাথমিক বৃত্তিতে ট্যালেন্টপুলে সখীপুরের তিন যমজ ভাই-বোন

আপডেট : ১৪ জুলাই ২০২৬, ২১:১২

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে টাঙ্গাইলের সখীপুর উপজেলার তিন যমজ ভাই-বোন। একসঙ্গে দুই ভাই ও এক বোনের এ সাফল্যে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। তাদের এই বিরল অর্জন এলাকায়ও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বৃত্তিপ্রাপ্ত তিন শিক্ষার্থী হলো ফাতেমা আক্তার শেমী (১২), আনাস আল মামুন (১২) ও আরাফাত আল মামুন (১২)। তারা উপজেলার ঘাটেশ্বরী গ্রামের প্রবাসী মো. শামীম এবং ঘাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আর্জিনা আক্তারের সন্তান।

আর্জিনা আক্তার জানান, তিন সন্তানই বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। ফল প্রকাশের পর দেখা যায়, তারা তিনজনই ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করেছে।

বর্তমানে তিন ভাই-বোন সখীপুর পিএম পাইলট মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়ন করছে।

বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী বলেন, তিন ভাই-বোনই অত্যন্ত মেধাবী ও অধ্যবসায়ী শিক্ষার্থী। তাদের এই সাফল্যের পেছনে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা রয়েছে। তিনি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

মা আর্জিনা আক্তার বলেন, সন্তানদের এই অর্জনের পেছনে শিক্ষকদের অবদান অনেক। তাদের বাবা বিদেশে থাকলেও নিয়মিত পড়াশোনার খোঁজখবর নিতেন এবং সন্তানদের উৎসাহ দিতেন। তিনি বলেন, তার প্রত্যাশা—সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজ করবে। এজন্য সবার কাছে তিনি দোয়া কামনা করেন।

ইত্তেফাক/এমএএম