প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠে ইতিহাস গড়ে নরওয়ে। তবে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হয় তাদের। তবুও বিশ্বকাপে নিজেদের সেরা সাফল্য নিয়ে দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেয়েছেন নরওয়ের ফুটবলাররা।
যুক্তরাষ্ট্র থেকে ফুটবলারদের বহনকারী বিমানটি ওসলোর মাটিতে স্পর্শ করার সঙ্গে সঙ্গেই সেটিকে ঐতিহ্যবাহী ওয়াটার ক্যানন স্যালুট দিয়ে স্বাগত জানানো হয়। এরপর সেখান থেকে দলটি সরাসরি পৌঁছায় ওসলোর রাজপ্রাসাদে। সেখানে স্কোয়াডের সকল সদস্য রাজা হারাল্ডের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন।
রাজপ্রাসাদের বিশাল চত্বর এবং ওসলোর প্রধান সড়ক কার্ল জোহানস গেট ততক্ষণে রূপ নিয়েছিল লাল ও নীল রঙের সমুদ্রে। আনুমানিক এক লাখেরও বেশি সমর্থক প্রিয় তারকাদের একনজর দেখতে সেখানে ভিড় জমান।
খেলোয়াড়রা রাজপ্রাসাদের সিঁড়িতে এসে সমর্থকদের শুভেচ্ছা জানান। এ সময় তাদের পেছনে আনুষ্ঠানিক অবস্থানে ছিল রয়্যাল গার্ড।
তবে উদযাপনের শেষ পর্বে দেখা যায়নি দলের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডকে। নির্ধারিত ফ্লাইট ধরতে অনুষ্ঠান শেষ হওয়ার আগেই তিনি স্থান ত্যাগ করেন।
হালান্ডের অনুপস্থিতির ব্যাখ্যা দিয়ে নরওয়ের প্রধান কোচ স্টলে সলবাকেন বলেন, যুক্তরাষ্ট্র থেকে ফেরার পথে আমাদের ফ্লাইট চার ঘণ্টা বিলম্বিত হয়েছিল। তাই আর্লিং এবং সান্ডার বের্গেকে তাদের নির্ধারিত ফ্লাইট ধরতে আগেই চলে যেতে হয়েছে।
এরপর, নরওয়ে দলকে নিয়ে ওসলোর বিভিন্ন সড়কে খোলা ছাদের বাসে করে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বিশ্বকাপ জিততে না পারলেও দেশের ফুটবলে নতুন আশা জাগানো এই দলকে অভিনন্দন জানাতে রাস্তায় নেমে আসে লাখো সমর্থক।

