বোদায় বিস্কুটের লোভ দেখিয়ে প্রতিবেশী দুই শিশুকে ধর্ষণ

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ০৩:৫৯

বিস্কুটের প্রলোভন দিয়ে প্রতিবেশী দুই শিশুকে নিজ ঘরে নিয়ে ধর্ষণের অভিযোগে পঞ্চগড়ের বোদায় আমিনুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আটককৃত আমিনুল ইসলাম বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের আমতলা কাজীপাড়া এলাকার বাসিন্দা। গুরুতর অসুস্থ অবস্থায় ভুক্তভোগী দুই শিশু বর্তমানে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী দুই শিশু অভিযুক্ত ব্যক্তিকে দাদু বলে ডাকত। এ সুবাদে তারা মাঝেমধ্যে তার বাড়িতে খেলতে যেত। বাড়িতে কেউ না থাকার সুযোগে অভিযুক্ত ব্যক্তি বিস্কুট খেতে দিয়ে ঐ শিশুদের নিজের ঘরে নিয়ে যান এবং তাদের ধর্ষণ করেন।

এজাহার অনুযায়ী, গত শুক্রবার ও শনিবার ছয় বছর বয়সি এক শিশুকে এবং রবিবার একই কায়দায় পাঁচ বছর বয়সি অন্য শিশুকে ধর্ষণ করেন তিনি। ঘটনার পর শিশুদের কাউকে কিছু না বলার জন্য ভয়ভীতি দেওয়া হয়েছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী এক শিশুর চাচি জানান, শিশু দুটিকে অস্বাভাবিকভাবে কান্নাকাটি করতে দেখে বিষয়টি নিয়ে জিজ্ঞাসা করা হয়। প্রথমে এক শিশু ভয়ে কিছু বলতে না পারলেও পরে অন্য শিশু শারীরিক ব্যথার কথা জানিয়ে পুরো ঘটনার বর্ণনা দেয়। পরে পরিবারের সদস্যরা তাদের চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মাছুদ বলেন, দুই শিশু শারীরিক নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। এ ব্যাপারে বোদা থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন, ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত আমিনুল ইসলামকে গ্রেফতার করে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এনএন