বৃষ্টি নামায় আধা ঘণ্টার জন্য উত্তরার সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা

আপডেট : ১৫ জুলাই ২০২৬, ১৬:৩০

বৃষ্টির কারণে রাজধানীর উত্তরায় চলমান আন্দোলনে আধা ঘণ্টার জন্য সড়ক ছেড়ে দিয়েছেন শিক্ষার্থীরা। ফলে ওই সময় সব ধরনের যানবাহন নির্বিঘ্নে চলাচলের সুযোগ পায়। বুধবার (১৫ জুলাই) দুপুর ২টা ৫০ মিনিট থেকে বিকেল ৩টা ২০ মিনিট পর্যন্ত উত্তরার সড়কে যান চলাচল স্বাভাবিক রাখেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, আজ সচিবালয় অভিমুখে লংমার্চে যাওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে আপাতত সেটি হচ্ছে না। অনেক শিক্ষার্থীর সঙ্গে পরীক্ষার প্রবেশপত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে। বৃষ্টিতে সেসব নষ্ট হওয়ার আশঙ্কা আছে। তাই আপাতত অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি।

তারা আরও জানান, বৈরী আবহাওয়ার কারণে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সাময়িকভাবে সড়ক ছেড়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। তবে আজকের অবস্থান শেষ হয়নি। পরবর্তী কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

উল্লেখ্য, আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবিগুলো হলো- দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত রাখা, ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ নিশ্চিত করা এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।

ইত্তেফাক/আরএইচ