সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকার করায় সুমি খাতুন (২৭) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী মেরাজের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।
বুধবার (১৫ জুলাই ২০২৬) সকাল ৯টার দিকে শাহজাদপুর পৌরসভার পুকুরপাড় এলাকার এ ঘটনা ঘটে। নিহত সুমি খাতুন উপজেলার নরীনা ইউনিয়নের কাল্লাকান্দি গ্রামের নূর মোহাম্মদের মেয়ে।
স্থানীয়রা জানান, প্রায় তিন বছর আগে পারিবারিকভাবে পৌরসভার পুকুরপাড় এলাকার আবুল কাশের ছেলে মেরাজের সঙ্গে সুমি খাতুনের বিয়ে হয়। বিয়ের আগ থেকেই মেরাজ নেশাগ্রস্ত ছিলেন। এতে সুমি বাধা দিলে মাঝে মধ্যেই তাকে নির্যাতন করতেন।
বুধবার সকালে মেরাজ মাদক কেনার টাকার জন্য সুমিকে তার বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে চাপ দেন। সুমি টাকা এনে দিতে অস্বীকৃতি জানালে মেরাজ ক্ষিপ্ত হয়ে তাকে বেধড়ক মারধর করেন। । পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। পরে তার স্ত্রী বিষ খেয়ে মারা গেছে বলে গুজব ছড়িয়ে তিনি পালিয়ে যান।
শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষ খেয়ে গৃহবধূ আত্মহত্যা করেছে বলে প্রথমে খবর পেয়েছিলাম। কিন্তু ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ওই মরদেহের বিভিন্ন অংশে ক্ষত চিহ্ন ও রক্তের দাগ দেখা গেছে। এতে সন্দেহ হওয়ায় নিহতের শাশুড়ি ও তার দুই ননদকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। একইসঙ্গে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

